
জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য এক নতুন সূচনা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও রক্তদানের ধারাবাহিকতায় আজকের এই নির্বাচনের পথ তৈরি হয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪১ মিনিটে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় ভোট দেন মির্জা ফখরুল। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর জাতি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্তে পৌঁছেছে। তার আশা, এ নির্বাচন গণতন্ত্রের নতুন যাত্রা সূচনা করবে।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়, তবে তা দেশের রাজনীতি ও অর্থনীতিকে ইতিবাচক ধারায় এগিয়ে নেবে।
বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী, এই দিনটি সহজে আসেনি; আন্দোলনের সময় বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং কেউ কেউ প্রাণও দিয়েছেন। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথাও স্মরণ করেন।
সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের একটি নতুন অধ্যায় রচিত হবে।



