
বার্ধক্য ও শারীরিক দুর্বলতা উপেক্ষা করে রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন শতবর্ষী ফুরকুনি বেগম। ছেলের কোলে ভর দিয়ে তিনি ব্যালটে সিল মারলেন এবং আবেগাপ্লুত কণ্ঠে বললেন, “বাঁচো না বাঁচো, ভোটটা দেও।”
ফুরকুনি বেগমের ছেলে তোফাজ্জল হোসেন জানান, মায়ের বয়স ১০০ বছরের বেশি, শরীর ভালো না থাকলেও নির্বাচনের খবর পেয়ে তিনি ভোট দিতে আগ্রহী হয়েছিলেন।
ভোটকেন্দ্রে অন্যান্য ভোটাররাও তাদের প্রতিদিনের কাজের মধ্যেই দ্রুত ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেন। প্রিসাইডিং কর্মকর্তা বুলবুল আহমদ জানান, সকাল ১০টা পর্যন্ত ভোটারদের ১৫.৩৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। রংপুর-৪ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬, ভোটগ্রহণ হচ্ছে দুই উপজেলার ১৬৩টি কেন্দ্রে ৯৪৪টি বুথে।



