বাংলাদেশনির্বাচন

হাদি ভাইয়ের ভোট আপনাকে দিছি, নাসীরুদ্দীনকে ভোটাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রচার ও ভোটের দিনে বেশ আত্মবিশ্বাসী অবস্থানে দেখা গেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি জানান, অনেক ভোটার তাকে সমর্থন জানিয়ে বলেছেন— ‘শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি।’ পাশাপাশি হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন ভোটাররা। পাটওয়ারী বলেন, এ বিজয় ব্যক্তি নাসীরুদ্দীনের নয়, বরং শহীদ ওসমান হাদির আদর্শ ও ত্যাগের প্রতিফলন হবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, ‘শাপলা কলি’ প্রতীকে বেশি ভোট পড়ছে— এমন ধারণায় কেউ কেউ আতঙ্কিত হয়ে ভোটকেন্দ্র ছেড়ে যেতে পারেন। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “৯০ মিনিটের খেলায় যেমন শেষ পর্যন্ত থাকতে হয়, তেমনি ভোটের দিনও শেষ পর্যন্ত কেন্দ্রে থাকুন। ভয় পাবেন না।”

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং ইনশাআল্লাহ ভূমিধস বিজয় অর্জিত হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, অন্যায়কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নির্যাতিতদের অধিকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

সারা দেশে ১১-দলীয় জোটের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন বলেও দাবি করেন তিনি। তবে বিভিন্ন জায়গায় তাদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন পাটওয়ারী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধেও হামলা ও ভোট ডাকাতির অভিযোগ এনে পোস্ট দেন।

সব মিলিয়ে ঢাকা-৮ আসনে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ও পারস্পরিক অভিযোগের মধ্যেই ভোটগ্রহণ চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button