রাজনীতিবিএনপি

জুলাই সনদে যেসব বিষয়ে সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল

ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীর রাষ্ট্র পরিচালনায় সংস্কার এজেন্ডাকেই অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জাতীয় জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে স্বাক্ষর করেছে, সেগুলো সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের ঘোষিত ৩১ দফাকে আরও বিস্তৃত করার কথাও জানান তিনি।

ফখরুলের ভাষ্য অনুযায়ী, বিএনপির বিজয় জনগণের ভালোবাসার ফল এবং দলটি সবসময়ই জনগণের রাজনীতি করেছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হতে পারে।

জামায়াতের উত্থান প্রসঙ্গে তিনি দাবি করেন, দীর্ঘদিনের দমন-পীড়ন ও একদলীয় শাসনের পরিবেশে উগ্র শক্তির বিস্তার ঘটেছে। গণতন্ত্রের পথ রুদ্ধ হলে এমন পরিস্থিতি তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, জনগণ দুই-তৃতীয়াংশ আসন দিয়ে বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং সুষ্ঠু ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতা মোকাবিলা করা সম্ভব হবে।

এছাড়া, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে নিয়েই সরকার গঠন করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

আলোচনার এক পর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে দলের প্রয়াত নেত্রীর কথা স্মরণ করে বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে আজীবন নিবেদিত সেই নেত্রীর অনুপস্থিতি দলের জন্য গভীর বেদনার।

সংশ্লিষ্ট খবর

Back to top button