
আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সরকারকে সময় দেওয়া প্রয়োজন, কারণ বড় পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। তাঁর মতে, সঠিক জায়গায় সঠিক মানুষকে দায়িত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সবার জীবনে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে।
তামিম বলেন, প্রায় দেড় বছর ধরে মানুষ একটি রাজনৈতিক সরকারের প্রত্যাশা করছিল। এখন জনগণের যে আশা তৈরি হয়েছে, তা পূরণে সরকারকে সময় দিতে হবে। ভালো কিছু অর্জনের জন্য ধৈর্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ক্রীড়াঙ্গন প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, যে ব্যক্তি যে ক্ষেত্রে যোগ্য, তাকে সেই দায়িত্বে আনা উচিত। ফুটবলসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে সংশ্লিষ্ট খাতের উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া প্রয়োজন। তাঁর ভাষায়, বাংলাদেশের জন্য ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং যারা এ অঙ্গনের জন্য কাজ করবেন, তারা যোগ্য হলে অবশ্যই দায়িত্ব পাওয়ার সুযোগ থাকা উচিত।



