রাজনৈতিক সম্মেলনের আগে ৯ সেনা কর্মকর্তাকে সরাল চীন

চীনের বৃহত্তম বার্ষিক রাজনৈতিক আয়োজন ‘টু সেশনস’-এর ঠিক আগে দেশটির আইনসভা থেকে ১৯ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। এদের মধ্যে নয়জনই সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)-এর স্ট্যান্ডিং কমিটি এ সংক্রান্ত ঘোষণা দেয়।
যদিও এ সিদ্ধান্তের পেছনে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি, বিশ্লেষকদের ধারণা—এটি প্রেসিডেন্ট সি চিনপিং-এর দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। অপসারিতদের তালিকায় রয়েছেন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি চিয়াওমিং এবং নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলং। এছাড়া ইনার মঙ্গোলিয়ার সাবেক পার্টি প্রধান সান শাওচং-সহ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তাও রয়েছেন এ তালিকায়।
এর আগে কয়েক সপ্তাহের ব্যবধানে সি চিনপিং তাঁর ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ জেনারেল ঝাং ইউক্সিয়া-কে পদচ্যুত করেন। তাঁর বিরুদ্ধে ‘শৃঙ্খলা ও আইন লঙ্ঘন’-এর গুরুতর অভিযোগ আনা হয়—যা চীনে সাধারণত দুর্নীতির ইঙ্গিতবাহী শব্দবন্ধ হিসেবে ব্যবহৃত হয়।
২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকেই সি দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করে ‘টাইগার্স অ্যান্ড ফ্লাইস’ অভিযানের সূচনা করেন। এর মাধ্যমে উচ্চ ও নিম্ন—উভয় স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে, এই অভিযান কখনও কখনও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরাতেও ব্যবহৃত হয়।
উল্লেখ্য, গত অক্টোবরেও নয়জন শীর্ষ জেনারেলকে একইভাবে অপসারণ করা হয়েছিল। পর্যবেক্ষকদের মতে, সামরিক বাহিনীর ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করতেই ধারাবাহিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগামী ৪ থেকে ১১ মার্চ বেইজিং-এ অনুষ্ঠিত হবে ‘টু সেশনস’। এতে এনপিসি ছাড়াও চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স-এর প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে সরকারের পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বার্ষিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ঘোষণার কথা রয়েছে। এমন গুরুত্বপূর্ণ আয়োজনের প্রাক্কালে শীর্ষ কর্মকর্তাদের অপসারণ চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে বলে বিশ্লেষকদের মত।



