ইরান যু/দ্ধে সহায়তা না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধে স্টারমার যথাযথ সমর্থন প্রদান করেননি। ট্রাম্প বলেন, “তিনি সহায়ক ছিলেন না… আমি কখনো ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা দেখব।”
ট্রাম্প আরও মন্তব্য করেন, “দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে। আগে যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখন তা অনেকটাই আলাদা।” তিনি ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্র এখন ব্রিটেনের ওপর নির্ভরশীল নয়।
এর আগে স্টারমার জানিয়েছিলেন, যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশ নেবে না। তবে তিনি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছেন, যাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা রোধ করা যায় এবং বেসামরিক মানুষদের ওপর আঘাত প্রতিরোধ করা যায়। স্টারমার উল্লেখ করেছেন, একই অনুমতি ফ্রান্স ও জার্মানিও দিতে প্রস্তুত।



