সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হা/ম/লা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরা এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো–এর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির বৃহত্তম তেল শোধনাগার এই স্থাপনাতেই অবস্থিত। বুধবার সকালে সেখানে আবারও ড্রোন আঘাত হেনেছে বলে সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন।
রয়টার্স–এর প্রতিবেদনে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দেশীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাস তানুরার শোধনাগারে একটি ড্রোন আঘাত হানে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি ড্রোন হামলা বলেই নিশ্চিত হওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সোমবারও একই শোধনাগার লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শোধনাগারে আগুন লাগে এবং পরে কর্তৃপক্ষ সাময়িকভাবে প্ল্যান্টটির কার্যক্রম বন্ধ করে দেয়।
অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)–এর সদরদপ্তরে ড্রোন হামলার দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার রাতে এই হামলা চালানো হয়।
হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলার জবাবে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত আইএআই সদরদপ্তর লক্ষ্য করে রাত ২টার দিকে ড্রোন হামলা চালানো হয়েছে।



