আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে পুতিনের সহায়তার ব্যাপারে যা বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়া ইরানকে সীমিতভাবে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত কিছুটা গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছেন। তবে তিনি ইঙ্গিত দেন, এর পেছনে একটি পারস্পরিক ভূ-রাজনৈতিক হিসাব কাজ করছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যেমন ইউক্রেনকে সহায়তা করছে, তেমনি রাশিয়াও তাদের মিত্রদের সহায়তা করতে পারে।

মার্কিন কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান সম্পর্কিত তথ্য ইরানের সঙ্গে ভাগাভাগি করছে। এতে করে ইরান ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনায় সুবিধা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এর আগে জানিয়েছিলেন, রাশিয়া ট্রাম্প প্রশাসনকে আশ্বস্ত করেছে যে তারা ইরানকে এ ধরনের গোয়েন্দা তথ্য সরবরাহ করছে না।

এদিকে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে তথ্য ইরানকে সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে ৭ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, রাশিয়া যদি ইরানকে তথ্য দিয়েও থাকে, তা খুব কার্যকর হচ্ছে না, কারণ তার মতে ইরান বর্তমানে শক্ত অবস্থানে নেই।

উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান সংঘাত এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। এ অবস্থায় তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেলের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button