বিনোদনহলিউড

অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি

হলিউডের মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।

রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি মোট ছয়টি অস্কার জিতে নেয়। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা সম্পাদনা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং প্রথমবার চালু হওয়া সেরা কাস্টিং বিভাগ।

পুরস্কার গ্রহণের সময় পল থমাস অ্যান্ডারসন মজার ছলে বলেন, এর আগে তিনি ১৪ বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তিনি বলেন, একটি অস্কার অর্জনের পেছনে অনেক পরিশ্রম প্রয়োজন, তাই এই স্বীকৃতির জন্য তিনি সত্যিই কৃতজ্ঞ।

এদিকে ‘সিনার্স’ ছবিতে যমজ চরিত্র স্মোক ও স্ট্যাকের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। পুরস্কার গ্রহণের সময় তিনি তার আগে পথ তৈরি করে দেওয়া কৃষ্ণাঙ্গ অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে ‘হ্যামনেট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি।

এবারের অস্কারে ‘সিনার্স’ ছবিটিও চারটি পুরস্কার জিতে আলোচনায় আসে। ছবিটির সিনেমাটোগ্রাফার অটাম ডুরাল্ড আরকাপাও অস্কারের ইতিহাসে প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন।

এ ছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি পুরস্কার অর্জন করেছে। আর ‘কে-পপ ডেমন হান্টার্স’ পেয়েছে দুটি অস্কার, যার মধ্যে রয়েছে সেরা মৌলিক গানের পুরস্কার।

অনুষ্ঠানের একটি অংশ উৎসর্গ করা হয় ২০২৫ সালে প্রয়াত অভিনেতা, লেখক ও নির্মাতাদের স্মরণে। এ সময় অভিনেতা বিলি ক্রিস্টাল প্রখ্যাত অভিনেতা ও পরিচালক রব রেইনারের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানান। গত বছরের ডিসেম্বরে ছুরিকাঘাতে নিহত হন এই খ্যাতিমান নির্মাতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button