ইতিহাসে প্রথম, ট্রাম্পকে ক্ষমতা থেকে হটানোর ডাক এনএএসিপি’র

কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কাজ করা ঐতিহ্যবাহী সংগঠন NAACP মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সংগঠনটি তাকে অভিশংসন (ইমপিচমেন্ট) এবং ২৫তম সংশোধনী প্রয়োগের মাধ্যমে দ্রুত ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
১৯০৯ সালে প্রতিষ্ঠিত NAACP তাদের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর দাবি তুলেছে। সংগঠনটির প্রেসিডেন্ট ডেরিক জনসন এ বিষয়ে এক কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, ট্রাম্পের আচরণ ও বক্তব্য শুধু উদ্বেগজনক নয়, বরং তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তার মতে, দেশের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি যদি সত্য, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তাহলে তা পুরো দেশ ও বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
ডেরিক জনসন আরও জোর দিয়ে বলেন, পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পকে দ্রুত ক্ষমতা থেকে সরানো প্রয়োজন।



