
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগের পর গত দুই বছরের কম সময়ের মধ্যে তিনবার পরিবর্তন হয়েছে বোর্ডের শীর্ষ নেতৃত্বে।
২০২৪ সালের ৫ আগস্টের পর সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। এরপর ২০২৫ সালে নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে বুলবুলের কমিটিও বেশিদিন স্থায়ী হয়নি। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ তার কমিটি ভেঙে দেয়। এরপর ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। নতুন কমিটি গতকাল থেকে দায়িত্ব গ্রহণ করেছে।
বিসিবির এই অস্থির পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, বোর্ডের বর্তমান অবস্থা যেন একেবারে সার্কাসে পরিণত হয়েছে। তিনি আরও কৌতুক করে বলেন, “২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে দেখলেও আপনার টাকাটা বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।”
যুক্তরাষ্ট্রে বসবাসরত আফতাব দেশের ক্রিকেট ব্যবস্থাপনার সঙ্গে সেখানকার ব্যবস্থাপনাকে তুলনা করে বলেন, তিন বছর ধরে তিনি আমেরিকায় থাকলেও সেখানকার ক্রিকেট বোর্ড কোথায় এবং কে পরিচালনা করছে—এসব তিনি জানেন না, অথচ নিয়মিত ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। বাংলাদেশে পরিস্থিতি উল্টো; এখানে কিছুই গোপন থাকে না এবং মিডিয়ার কারণে মানুষ সবকিছু জানতে বাধ্য হয়।
শেষে হতাশা প্রকাশ করে আফতাব বলেন, “এই পরিস্থিতি আর কতদিন চলবে তা আমি জানি না। এখন আর ক্রিকেট নেই, যা চলছে তা শুধু এক ধরনের ‘সার্কাস’। দর্শকদের জন্য বলছি, এই সার্কাস দেখার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”



