ইরানে থাকা ‘ইউরেনিয়ামের’ যত্ন নেবো আমরা: ট্রাম্প

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ইউরেনিয়াম সমস্যার “যথাযথ ব্যবস্থা” নেয়া হবে বলে মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যাপারে নিখুঁত ব্যবস্থা নেওয়া হবে, তা না হলে আমি এই মীমাংসায় এগোতাম না।”
ট্রাম্প আরও উল্লেখ করেছেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে ইরান তাদের পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারবে এবং তিনি দুই সপ্তাহের এই বিরতিকে “বিশ্ব শান্তির জন্য বড় দিন” হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, “ইরান এটি চায়, তারা যথেষ্ট সহ্য করেছে। অন্যরাও তাই করবে।”
তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট নিরসনে সহায়তা করবে এবং অনেক ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে। এছাড়া প্রচুর অর্থ উপার্জনের সুযোগ তৈরি হবে এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে পারবে। ট্রাম্পের দৃঢ় বিশ্বাস, সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে মধ্যপ্রাচ্যে একটি “স্বর্ণযুগ” সৃষ্টি হতে পারে, যেমন যুক্তরাষ্ট্রে দেখা গেছে।



