জামায়াতঅন্যান্যরাজনীতি

আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে চলমান আন্দোলন ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটিকে ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে নিতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য এই সেমিনারের আয়োজন করে।

সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে তিনি বলেন, কখনো গণভোটকে ‘হারাম’, আবার কখনো ‘আংশিক হালাল’ বলা হচ্ছে—যা জনগণকে বিভ্রান্ত করছে। সংসদে বিরোধী দলের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হলেও তারা জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তাদের দল সংসদে ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য যায়নি; বরং জনগণের অধিকার আদায়ের জন্যই সেখানে অবস্থান করছে। প্রয়োজনীয় ছাড়া কোনো সুবিধা নেবেন না বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই গণআন্দোলনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, এটি শুধু ছাত্র বা রাজনীতিবিদদের আন্দোলন ছিল না; এতে শ্রমজীবী মানুষের বড় অংশ অংশ নিয়েছিল। তার ভাষায়, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে পরিবর্তন আনা।

বর্তমান সংসদকে তিনি ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, “জুলাই আছে বলেই আমরা আছি।” গণভোটের মাধ্যমে সেই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি এবং প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকারের প্রস্তুতির কথাও জানান।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন কোনো ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি জোর দিয়ে বলেন, দেশে কোনো ধরনের পারিবারিক শাসন বা ফ্যাসিবাদ বরদাস্ত করা হবে না।

সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এবং অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button