ইরানে অস্ত্র না পাঠানোর আশ্বাস দিয়েছে চীন: হেগসেথ

চলমান মধ্যপ্রাচ্য সংকট ও যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন।
হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, বিষয়টি গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক ব্রিফিংয়ে তুলে ধরেন।
তিনি জানান, ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে চীনের পক্ষ থেকে ওয়াশিংটনকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি চিন পিং-এর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে এ বিষয়টি আলোচনা হয়েছে এবং চীন জানিয়েছে, এমন কোনো অস্ত্র সরবরাহ হবে না।
চীনা দূতাবাস এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও বলেছে, সামরিক সরঞ্জাম রপ্তানিতে বেইজিং সবসময় দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করে।
অন্যদিকে, চীন বলেছে তারা ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে কাজ করছে। বিশ্লেষকদের মতে, চীন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপ এবং ইরানের সঙ্গে সম্পর্ক—দুটোর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে।
আগামী ১৪–১৫ মে বেইজিংয়ে ট্রাম্প ও শি চিন পিংয়ের সম্ভাব্য বৈঠকের কথা রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



