আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

হরমুজ থেকে যেভাবে মাইন অপসারণ করছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণে নতুন ধরনের যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রচলিতভাবে মাইন অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মানবচালিত মাইন-সুইপিং জাহাজ ব্যবহার করে থাকে। এসব জাহাজে থাকা সোনার প্রযুক্তির মাধ্যমে পানির নিচের মাইন শনাক্ত করে পরে সেগুলো ধ্বংস করা হয়। তবে এ ধরনের অভিযানে সরাসরি ক্রুদের মাইনফিল্ডের ভেতরে যেতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এই ঝুঁকি কমাতে এবার ব্যবহার করা হচ্ছে ‘লিটোরাল কমব্যাট শিপ’ নামে হালকা ধরনের আধুনিক যুদ্ধজাহাজ। এটি মূলত রিমোট-কন্ট্রোলড রোবটের মাধ্যমে পরিচালিত হয়। ফলে মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ সরাসরি জাহাজ থেকে না করে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, যা নৌসেনাদের জন্য অনেক বেশি নিরাপদ।

মার্কিন নৌবাহিনীর বহরে বর্তমানে এমন তিনটি লিটোরাল কমব্যাট শিপ থাকলেও কার্যকর অবস্থায় রয়েছে একটি। বাকি দুটি মেরামতের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ জলপথে মাইন অপসারণে প্রযুক্তিনির্ভর এই জাহাজগুলো বড় ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি সংঘাতের প্রেক্ষাপটে এই প্রণালিতে মাইন পুঁতে রাখার অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য বড় হুমকি তৈরি করেছে। বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button