
হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি এক ঘটনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন। লন্ডনে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২-এর একটি প্রদর্শনীতে এক ভক্ত তাকে কুরআন উপহার দেন।
ভক্তটি জানান, একটি সাক্ষাৎকারে হ্যাথাওয়ে “ইনশাআল্লাহ” শব্দটি ব্যবহার করেছিলেন বলেই তিনি এই উপহার দিতে চেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভিডিওতে দেখা যায়, উপহার পেয়ে হ্যাথাওয়ে হাসিমুখে ধন্যবাদ জানান। এর আগের দিন এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইনশাআল্লাহ, তিনি দীর্ঘ ও সুস্থ জীবন চান।” “ইনশাআল্লাহ” শব্দটির অর্থ—আল্লাহ ইচ্ছা করলে—যা সাধারণত আশা প্রকাশে ব্যবহৃত হয়।
একজন হলিউড অভিনেত্রীর মুখে এমন ইসলামী শব্দ শোনার পর বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ এটিকে স্বাভাবিকভাবে নিলেও, কেউ আবার নানা ব্যাখ্যা দিতে শুরু করেন। এমনকি কিছু মানুষ প্রশ্ন তুলেছেন, তিনি ধর্ম পরিবর্তন করেছেন কি না।
এদিকে নতুন ছবি মাদার মেরিতেও ভিন্ন রূপে হাজির হচ্ছেন হ্যাথাওয়ে। এতে তিনি এক সংকটে থাকা পপ তারকার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে নাচ ও গানের প্রশিক্ষণ নিয়েছেন।
অভিনেত্রীর ভাষায়, এই চরিত্রের জন্য তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন—প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন এবং কণ্ঠস্বরও আলাদাভাবে প্রস্তুত করেছেন।
একদিকে ভাইরাল ঘটনা, অন্যদিকে নতুন ছবিতে চ্যালেঞ্জিং চরিত্র—দুই মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যান হ্যাথাওয়ে।



