স্বামীকে শেষবার ছুঁয়ে দেখলেন মরিয়ম!

বাংলা টিভি ডেস্ক: সৌদিআরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোবাহান খাঁ’কে। তিনি ওই এলাকার ইউসুফ খাঁ’র ছেলে।
এর আগে ভোরে মরদেহ একটি বিমানে সৌদি থেকে নিয়ে হয় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। পরে মরদেহটি পৌঁছায় গ্রামের বাড়ি। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পাড়াপ্রতিবেশী।
স্বজন ও এলাকাবাসী জানায়, ধারদেনা করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদিআরব পাড়ি জমান সোবাহান। এরপর গত ৭ এপ্রিল সৌদির রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ২৯ বছর বয়সী যুবক। কাজ চলাকালীন অসাবধাণতাবশত নির্মাণাধীন লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে মারা যায় সোবাহান। গত ১১ এপ্রিল মৃত্যু হলেও পরদিন রাতে খবর পায় পরিবার। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছে নিহতের পরিবার।
নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ৫ ছেলে মেয়ে নিয়ে বসবাস করছি। ধারদেনা করে আমার স্বামী বিদেশে পাড়ি জমায়। কিন্তু এভাবে মৃত্যু হবে তা বুঝতে পারিনি। সরকার যদি সহযোগিতা না করে তাহলে ৫ ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়বে।’
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘সৌদি আরবে এভাবে শ্রমিকের মৃত্যু বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে উপজেলা প্রশাসন।’



