
বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এখন আর আগের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই। প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করলেও তার বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই ভাইরাল হয়ে উঠছে।
সম্প্রতি লন্ডন-এর একটি রাস্তায় বসে আইসক্রিম খাওয়ার সময় তোলা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান ছবিটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়। অনেকেই একসময় দেশের ক্রিকেটে তার প্রভাবশালী অবস্থানের সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগেও তাকে লন্ডনের বিভিন্ন স্থানে দেখা যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে—কখনো সুপারশপে, কখনো শহরের রাস্তায় হাঁটতে। অথচ কয়েক বছর আগেও তিনি ছিলেন বিসিবির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ২০১২ সালে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় ধরে তিনি এই পদে ছিলেন এবং তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তার বিসিবি অধ্যায়ের সমাপ্তি ঘটে। একই বছরের ২১ আগস্ট লন্ডন থেকেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
তার বিদায়ের পর বিসিবিতে নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রথমে ফারুক আহমেদ স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন, পরে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হন। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতির দায়িত্ব পান সাবেক অধিনায়ক তামিম ইকবাল।



