রাশিয়ায় যুদ্ধরত কিশোরগঞ্জের যুবক ইউক্রেনের ড্রোনে নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদ রশিদ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। তিনি করিমগঞ্জ উপজেলা–এর জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় রাশিয়ায় অবস্থানরত তার বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারে পরিবারের কাছে মৃত্যুর খবর পাঠান। বার্তায় বলা হয়, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে লিমন নিজেও রয়েছেন।
পরিবারের দাবি, রিয়াদ গত বছরের অক্টোবরে চাকরির উদ্দেশ্যে রাশিয়া যান। পরে কীভাবে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন, সে বিষয়ে তারা কিছুই জানতেন না। জানা গেছে, গত ৭ এপ্রিল তিনি রুশ বাহিনীতে যোগ দেন এবং তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫।
নিহতের স্বজনরা জানান, ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষ কথা হয়। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে মেসেঞ্জারে অনলাইনে দেখা গেলেও পরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে করিমগঞ্জ থানা–র ওসি এমরানুল কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ পরিবারটির সঙ্গে কথা বলে মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তবে এখনো সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় শোকের আবহ তৈরি করেছে। পরিবারের সদস্যরা রিয়াদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।



