বাংলাদেশজনদুর্ভোগ

ইটভাটা চালু রাখতে বন্ধ হলো চার গ্রামের একমাত্র হাইস্কুল

বাংলা টিভি ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামে ইটভাটার কারণে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে চার গ্রামের শিক্ষার্থীদের এখন বাধ্য হয়ে ৫–৬ কিলোমিটার দূরের স্কুলে যেতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, বিকেএমএস মাধ্যমিক বিদ্যালয়টি ২০০৫ সালে বাগআঁচড়া, কুলবাড়িয়া, মুড়াবুনিয়া ও সুন্দরবুনিয়া গ্রামের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু বিদ্যালয়ের আশপাশে একাধিক ইটভাটা গড়ে ওঠায় গত দুই বছর ধরে সেখানে নিয়মিত ক্লাস বন্ধ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়টির আশপাশে পাঁচটির বেশি ইটভাটা চালু রয়েছে, যেগুলো থেকে নির্গত ধোঁয়া ও ধুলাবালি পরিবেশের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, বিষাক্ত ধোঁয়ার কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ত এবং বাধ্য হয়ে স্কুল ছেড়ে চলে যেত।

স্কুলের প্রধান শিক্ষক জানান, প্রতিষ্ঠানটিতে এখনো শিক্ষার্থী থাকলেও নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। ইটভাটাগুলোর কারণে পরিবেশ নষ্ট হওয়ায় শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় কৃষকরাও জানান, ইটভাটার ধোঁয়া ও মাটির ব্যবহার কৃষি ও মাছ চাষে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি এলাকায় শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যাও দেখা দিচ্ছে।

আইন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও স্থানীয়দের দাবি, এই এলাকায় সেই নিয়ম মানা হচ্ছে না।

ইটভাটা মালিকদের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, তারা বৈধ জমিতে ব্যবসা পরিচালনা করছেন এবং কিছু ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে সমস্যা তৈরি হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button