বিনোদনঢালিউড

এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এ অসচ্ছল সহশিল্পীদের সঙ্গে ঈদের কোরবানি আয়োজন করে আসলেও গত কয়েক বছর ধরে সেখানে তাকে দেখা যাচ্ছে না।

এবারও তিনি এফডিসিতে কোরবানি দিচ্ছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরীমনি। তিনি জানান, এবারের ঈদ তিনি নিজ বাড়িতেই পরিবারের সঙ্গে উদযাপন করবেন। তবে অনুপস্থিত থাকলেও এফডিসির সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হোক—এটাই তার প্রত্যাশা।

পরীমনি বলেন, “আমি চাই এফডিসিতেও কোরবানি হোক। ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে এফডিসির সঙ্গে কোরবানি করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হলো আমি সেখানে নেই। এর নানা কারণ আছে। তবে আমার সহশিল্পীরা, যাদের অনেকেই অসচ্ছল, তারা যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন—এটাই চাই।”

তিনি আরও জানান, এবার তিনি দীর্ঘদিন পর নিজ গ্রামের বাড়িতে গিয়ে কোরবানি দেবেন। তার ভাষায়, পরিবারের সঙ্গে ঈদ কাটানো এবং নিজ হাতে কোরবানির মাংস বিলিয়ে দেওয়ার ইচ্ছা তার পরিবারের দীর্ঘদিনের চাওয়া ছিল।

পরীমনি বলেন, “আমার নানু সবসময় চাইতেন আমি বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ করি। প্রায় ৮–৯ বছর শুধু এফডিসির কারণেই বাড়িতে যাওয়া হয়নি। এখন মনে হচ্ছে দায়িত্বটা অন্য কেউ ভালোভাবে সামলাচ্ছে, তাই আমি আবার পরিবারে ফিরেছি।”

সবশেষে তিনি বলেন, ঈদ যেন সবার জন্য আনন্দের হয়—এটাই তার কামনা। তার ভাষায়, “ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক।”

সংশ্লিষ্ট খবর

Back to top button