
বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) এক বিস্ময়কর ভুলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্মার্ট এনআইডিতে দেখা গেছে, মেয়ের জন্ম হয়েছে তার মায়ের জন্মের প্রায় ১০ মাস আগে।
উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি গ্রামের বাসিন্দা জুলিয়া বেগম-এর স্মার্ট জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১ ফেব্রুয়ারি ১৯৬০। অথচ তার মা কমলা বেগম-এর এনআইডিতে জন্মতারিখ দেওয়া হয়েছে ২০ ডিসেম্বর ১৯৬০। ফলে সরকারি কাগজপত্র অনুযায়ী মা যেন মেয়ের চেয়ে বয়সে ছোট হয়ে গেছেন।
তবে জুলিয়ার শিক্ষাগত সনদ অনুযায়ী তার প্রকৃত জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৯৩। সে হিসাবে তার বর্তমান বয়স হওয়া উচিত ৩৩ বছর। শুধু জাতীয় পরিচয়পত্রেই নয়, তার জন্ম নিবন্ধনেও বয়সের গুরুতর অসঙ্গতি রয়েছে। সেখানে তার বয়স দেখানো হয়েছে ৬৪ বছর।
ভুক্তভোগী জুলিয়া বেগম জানান, এনআইডির এই ভুলের কারণে তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। সংশোধনের জন্য একাধিকবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে গেলেও কার্যকর কোনো সমাধান পাননি।
তার মা কমলা বেগমও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি ভুলের খেসারত এখন তাদেরই দিতে হচ্ছে। মেয়ের পরিচয়পত্র সংশোধনের জন্য বহু জায়গায় ঘুরেও তারা কোনো সহায়তা পাননি।
এ বিষয়ে নার্গিস সুলতানা বলেন, বিষয়টি অবশ্যই গুরুতর ভুল। তিনি নতুন দায়িত্ব নেওয়ায় পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।



