রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসাইন (২৫) নামের এক বাংলাদেশি যুবক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা-এ। তিনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছিলেন বলে জানা গেছে।
তার মৃত্যুর খবর প্রথম জানানো হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, তার সহযোদ্ধা মৃদুলের একটি ভিডিও বার্তার মাধ্যমে। মৃদুলও একই সেনাক্যাম্পে কর্মরত ছিলেন এবং তার বাড়ি টাঙ্গাইলে।
নিহত জাহাঙ্গীর হোসাইন জয়কা ইউনিয়ন এলাকার কান্দাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আড়াই বছর বয়সী এক সন্তানের বাবা এবং পরিবারের বড় সন্তান ছিলেন।
পরিবারের অভিযোগ, একটি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাকে রাশিয়ায় নেওয়া হয়। প্রথমে তাকে ভিন্ন কাজ দেওয়া হলেও পরে ধাপে ধাপে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয় বলে দাবি তাদের।
মৃদুলের ভিডিও বার্তা অনুযায়ী, রাশিয়া–নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে একাধিক বাংলাদেশি হতাহত হন। ওই ঘটনায় জাহাঙ্গীরসহ আরও কয়েকজন নিহত হন বলে দাবি করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনায় শোক প্রকাশ করেছেন। তবে সংশ্লিষ্ট এজেন্সির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার পর জাহাঙ্গীরের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।



