যুদ্ধে ইরানের জয় সমগ্র মুসলিম উম্মাহর বিজয়: হামাস

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ইরানের অর্জনকে ‘বড় ধরনের বিজয়’ হিসেবে উল্লেখ করে তা গোটা রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং মুসলিম উম্মাহর জয় বলে মন্তব্য করেছেন হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মুহাম্মদ দারবিশ।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরানে সফর করে। সফরের সময় তারা ইরানের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।
প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সংঘাতের প্রেক্ষাপটে খামেনি, তার পরিবারের সদস্য এবং উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতি সমর্থনের জন্য তাকে ‘নীতিগত ও সাহসী নেতা’ হিসেবে অভিহিত করা হয়।
হামাস প্রতিনিধিদলটি গাজায় চলমান মানবিক সংকট এবং পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ড সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে অবহিত করে। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতাকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করে এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলকে জানাজার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং আল-কুদসকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ইরানের সমর্থন অব্যাহত থাকবে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি



