রাজনীতি

খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে একটি বড় বাকেট হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই বাকেটে থাকা ছোট ছোট প্যাকেটের খাবার তিনি জানাজায় অংশ নিতে আসা নারী, পুরুষ ও শিশুদের মধ্যে নিজ হাতে বিতরণ করছেন।

ভিডিওতে দেখা যায়, খাবার নেওয়ার জন্য স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরেন। তবে ওই প্যাকেটগুলোতে কী ধরনের খাবার ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, খামেনির মরদেহ পবিত্র শহর কোমে পৌঁছানোর পর টানা তৃতীয় দিনের মতো তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় জড়ো হন। কোমে জানাজা শেষে মরদেহ ইরাকের নজফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। পরে বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে, গত ৩ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংশ্লিষ্ট খবর

Back to top button