রাজনীতিঅন্যান্য

এনসিপি নেতার বিরুদ্ধে ব্যাংককর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক নেতার বিরুদ্ধে ব্যাংককর্মীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম (৩০)।

অভিযুক্ত শওকত ইমরান বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আশরাফুল ইসলাম জানান, তিনি ইসলামী ব্যাংক পিএলসি-এর নওগাঁ শাখায় কর্মরত। শনিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে সিএনজিযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনমাথা রেলগেট অতিক্রম করে ফ্লাইওভারের নিচে পৌঁছালে শওকত ইমরান ও অজ্ঞাতনামা আরও চারজন দুটি মোটরসাইকেল দিয়ে সিএনজির গতিরোধ করেন। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রাখা হয়।

অভিযোগে বলা হয়, সেখানে তাকে চর-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে নির্যাতন করা হয়। একপর্যায়ে চাকু দেখিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৮২ হাজার টাকা, একটি রিয়েলমি ১৫টি মডেলের মোবাইল ফোন, একটি হুয়াওয়ে জিআর-৫ মিনি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের এটিএম কার্ড এবং তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, নির্যাতনের সময় অভিযুক্তরা তাদের ইচ্ছামতো একটি ভিডিও জবানবন্দি ধারণ করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সাক্ষী হিসেবে অভিযোগপত্রে দুজনের নাম উল্লেখ করা হয়েছে। আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান আশরাফুল ইসলাম।

এ বিষয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত এনসিপি নেতা শওকত ইমরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, “এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button