বাংলাদেশদুর্ঘটনা

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

বাংলা টিভি ডেস্ক: সিলেট ও বগুড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোর থেকে সকাল ৭টার মধ্যে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে গুরুতর আহত তিন বছরের এক শিশুসহ আরও দুজন হাসপাতালে মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়জনে। নিহতদের সবাই ইউনিক পরিবহণের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহণের বাসটি গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়, পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল ইসলাম ও নূর আলম, বগুড়া সদরের বেলাল হোসেন এবং জয়পুরহাটের তাজমুল।

সংশ্লিষ্ট খবর

Back to top button