বিনোদনঢালিউড

তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। পর্দার বাইরেও তার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই নানা আলোচনা থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অতীত, ভুল-আক্ষেপ এবং একটি ‘অপূর্ণ প্রেম’ নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া শাকিব খান চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। অতীতে ঘটে যাওয়া কিছু বিষয়কে নিজের ‘ভুল’ হিসেবে উল্লেখ করলেও সেসব ভুলের বিস্তারিত অবশ্য প্রকাশ করেননি তিনি।

ব্যক্তিজীবনে কোনো ভুল করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, জীবনে অনেক ভুল করেছেন তিনি। কখনো কখনো পেছনে ফিরে তাকালে মনে হয়, কিছু সিদ্ধান্ত না নিলেও পারতেন।

অভিনেতার ভাষ্য, তার জীবনের অনেক ব্যক্তিগত বিষয় তিনি নিজে প্রকাশ করার আগেই মানুষের কাছে পৌঁছে যায়। ফলে কোনো বিষয় নিজের মুখে বলার আগেই সেটি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এ কারণে অতীতের কিছু ঘটনা মনে পড়লে তার আফসোস হয় বলেও জানান তিনি।

শাকিব খান বলেন, ওই ভুলগুলো না হলে হয়তো তার বর্তমান জীবন আরও সহজ ও স্বাভাবিক হতে পারত। তবে ভুল মানুষের জীবনেরই অংশ বলেও মনে করেন তিনি।

নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় অতীতের নানা বিষয় তাকে ভাবায় বলে জানান এই অভিনেতা। কিছু ঘটনা নিয়ে আক্ষেপ থাকলেও সেগুলো আর পরিবর্তন করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, কোনো বিষয়কে একবার ভুল হিসেবে উপলব্ধি করার পর সেটি জেনেশুনে আবার করার প্রশ্নই আসে না।

অপু-বুবলী প্রসঙ্গে যা বললেন

সাক্ষাৎকারে শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, দুজনই তার জীবনের একটি অংশ। তবে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না তিনি।

তাদের সতর্ক করেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব খান জানান, দেখা হলে মাঝে মাঝে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

বর্তমান সময়ে কোনো ঘটনা ঘটার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে পড়ে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি অনেক সময় এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই।

এ ধরনের অতিরঞ্জিত প্রচার ও নানা ধরনের আলোচনা থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন বলেও জানান শাকিব খান। এসব কারণেই বর্তমানে তিনি আগের তুলনায় অনেক বেশি অন্তর্মুখী হয়ে পড়েছেন বলে উল্লেখ করেন ঢালিউডের এই তারকা।

এদিকে শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। সিনেমাটি আগামী অক্টোবর নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button