শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে বেশ দুর্বল এবং তীব্র ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
শুক্রবার বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বলেন, তার বাবার ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়ার পাশাপাশি শরীরের অন্যান্য স্থানেও ছড়িয়েছে। এর ফলে বাইডেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়েছে বলে জানান তিনি।
তবে হান্টার বাইডেনের এই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জো বাইডেনের মুখপাত্র।
২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার কয়েক মাসের মধ্যেই বাইডেন জানান, তিনি ‘আক্রমণাত্মক ধরনের’ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সে সময় তিনি জানিয়েছিলেন, রোগটি ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে।
পরবর্তীতে একই বছরের অক্টোবরে বাইডেনের এক মুখপাত্র জানান, ক্যানসারের চিকিৎসায় তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সময় জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও বিতর্ক হয়েছে।
চলতি বছরের জুনে শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কার অভিজ্ঞতা নিয়ে জো বাইডেনের স্মৃতিকথা আগামী ১৭ নভেম্বর প্রকাশ হওয়ার কথা রয়েছে।



