ক্রিকেটখেলাধুলা

বিপিএল এই বছর নাও হতে পারে: তামিম

স্পোর্টস ডেস্ক:  চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্টটি এ বছর মাঠে গড়াবে কি না, তা নিয়ে পরিষ্কার কোনো নিশ্চয়তা দিতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে ভবিষ্যতে বিপিএলকে আরও পরিকল্পিত ও গোছানোভাবে আয়োজনের কথা জানিয়েছেন তিনি।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল নিয়ে তামিম ইকবাল বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এ বিষয়ে আরও ভালো বলতে পারবেন।’

বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, তার ব্যক্তিগত লক্ষ্য হলো টুর্নামেন্টটিকে আরও সুশৃঙ্খলভাবে আয়োজন করা। তার মতে, বিপিএল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ক্রিকেট, ম্যাচের ফলাফল ও প্রতিদ্বন্দ্বিতা; অর্থনৈতিক অনিয়ম কিংবা নেতিবাচক খবর নয়।

তামিম বলেন, ‘বিপিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হলেও এটি বিশ্বের কাছে বাংলাদেশেরই একটি টুর্নামেন্ট। তাই এর ভাবমূর্তি রক্ষা করা আমাদের দায়িত্ব।’

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চলতি বছর বিপিএল আয়োজন না করলে বাংলাদেশের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর আয়োজন করা সম্ভব না হলেও ২০২৭ সালে ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করা যাবে। পাশাপাশি দেশের ক্রিকেটে আরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, মোটের ওপর ঢাকার ক্লাব ক্রিকেটের পরিস্থিতি ভালোই ছিল। দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগের খেলা অনুষ্ঠিত হয়েছে এবং নতুন মৌসুমও শিগগির শুরু হবে।

তবে দ্বিতীয় বিভাগের কয়েকটি দল অংশ না নেওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানান তামিম। আলোচনা করে এ সমস্যারও সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: সমকাল

সংশ্লিষ্ট খবর

Back to top button