
বাংলা টিভি ডেস্ক: ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তুরস্কের সংবাদমাধ্যমের বরাতে এমন খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তুর্কি সংবাদমাধ্যম হাবারলারসহ একাধিক পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, মুসলিম নারী সুহাইলা তাহিরির সঙ্গে ইসলামিক রীতি অনুযায়ী বিয়ে করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। আর সেজন্য বেশ কিছুআন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই ব্রাজিলিয়ান!
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের আগ থেকেই রবার্তো কার্লোসের তার সঙ্গে যোগাযোগ ছিল। পরে সেই সাক্ষাতে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হয়। তবে এখন পর্যন্ত নিজের ধর্মান্তরের বিষয়ে রবার্তো কার্লোস সরাসরি কোনো বক্তব্য দেননি।
জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির তুর্কি এমপি আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি আরও জোরালোভাবে ছড়িয়ে পড়ে। সেখানে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার একটি বৈঠকের কথা উল্লেখ করা হয়। নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শাহিন জানান, ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় সাও পাওলোর বাসিন্দা শেখ জিহাদ হামাদার সঙ্গে তার সাক্ষাৎ হয়।
শাহিনের ভাষ্য অনুযায়ী, হামাদা মুসলিম বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় থাকা একজন পরিচিত ব্যক্তি। শাহিন আরও জানান, শেখ হামাদা তাকে বলেছেন, ব্রাজিলিয়ান ও বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি এবং ফেনারবাহচের সাবেক খেলোয়াড় রবার্তো কার্লোসের সঙ্গে তার আগে থেকেই যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে তাদের সাক্ষাৎ হয় এবং সেই সময় কার্লোস শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন বলে হামাদা তাকে জানিয়েছেন। মূলত, সামাজিক যোগাযোগমাধ্যমে মরক্কোর নাগরিক সুহাইলা এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের বিয়ের চুক্তিতে স্বাক্ষরের কিছু ছবি ছড়িয়ে পড়ার পরই তার ইসলাম গ্রহণের দাবিটি নতুন করে আলোচনায় আসে।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে মরক্কো বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের বিয়ের খবর প্রকাশিত হয়েছিল। পেশাগতভাবে তিনি ফিফা লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট। ফুটবলারদের পেশাদার ক্যারিয়ার পরিচালনার পাশাপাশি ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গেও তিনি যুক্ত। চলতি বছরের ১৭ আগস্ট তাদের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে। তবে এটি তাদের বিয়ের নতুন কোনো ঘটনা নয়। গত জানুয়ারিতেই তাদের বিয়ের খবর সামনে এসেছিল।
এরও আগে, ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই দম্পতি।



