বাংলাদেশপ্রবাসী

টেকসই উন্নয়নে মালদ্বীপের সঙ্গে জলবায়ু অংশীদারিত্ব চায় বাংলাদেশ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। জলবায়ু অভিযোজন, পরিবেশ সংরক্ষণ, সামুদ্রিক প্রতিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

রোববার (৬ সেপ্টেম্বর) ইউনিসেফ মালদ্বীপ আয়োজিত ‘ইয়ুথ ট্র্যাক টু COP31’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ।

কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। এতে ৪০ জনের বেশি তরুণ/তরুণী অংশ নেন। জলবায়ু বিজ্ঞান, অভিযোজন, প্রশমন ও জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে তারা মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ক্ষয় ও জলবায়ুজনিত নানা ঝুঁকির সম্মুখীন। তাই অভিন্ন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ ও ব্লু ইকোনমিতে সহযোগিতা বাড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভাবন ও নেতৃত্বের মাধ্যমে জলবায়ু কার্যক্রমকে আরও কার্যকর করতে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশ প্রস্তুত।

সংশ্লিষ্ট খবর

Back to top button