রাজনীতিঅন্যান্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। তবে এতে কেউ হতাহত হননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নোয়াখালীর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে পেছনের কাচ ভেঙে যায়। তবে গাড়িতে থাকা হেফাজত আমির ও তার সফরসঙ্গীদের কেউ আহত হননি। খবর পেয়ে হেফাজতের নেতারা ঘটনাস্থলে পৌঁছেন। পরে মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানো হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দুর্ঘটনায় হুজুরের কোনো সমস্যা হয়নি। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। পরে অন্য একটি গাড়িতে করে উনাকে নোয়াখালীর দিকে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button