বাংলাদেশ

‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংয়ের আওতায় থাকবে’

বাংলা টিভি ডেস্ক: দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রয়োজনীয় জনবল নিয়োগ, প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ধাপে ধাপে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ কিংবা কোনো প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার সাফল্য নির্ধারণ করা যায় না। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কী শিখছে এবং তাদের শেখার ফলাফলে কতটা ইতিবাচক পরিবর্তন আসছে, সেটিই প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল সূচক হওয়া উচিত।

আজ (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ আয়োজিত ‘নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ: সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি) নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সংযোজন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পভিত্তিক কাজ হয়েছে। এসব উদ্যোগের প্রয়োজন থাকলেও এখন শিক্ষার্থীদের শেখার ফলাফলকে কেন্দ্র করে পুরো ব্যবস্থাকে আরও কার্যকর করার দিকে গুরুত্ব দিতে হবে।

শিক্ষক সংকট সমাধানের পাশাপাশি শিক্ষক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষক নিয়োগ, পেশাগত ক্যারিয়ার, মূল্যায়ন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার কাজ চলছে। একজন শিক্ষক নিয়োগ পাওয়ার পর তার ক্যারিয়ার কীভাবে এগোবে, কীভাবে মূল্যায়ন হবে এবং কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন—এসব বিষয় বাস্তবসম্মতভাবে সাজানো হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি, এক শিফট চালু এবং শ্রেণিকক্ষে কার্যকর শিখনসময় নিশ্চিত করার বিষয়েও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি কারিকুলাম প্রণয়নে শিশুমনোবিজ্ঞানী ও প্রারম্ভিক শিক্ষার বিশেষজ্ঞদের আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ধাপে ধাপে মনিটরিংয়ের আওতায় আনার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের যেকোনো স্থানে যে ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানই পরিচালিত হোক না কেন, সেখানে শিক্ষার মান নিশ্চিত করতে রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং চিকিৎসক তাসনিম জারা।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। এ ছাড়া শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button