মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তার ছেলে মোখজানি মাহাথির এ তথ্য নিশ্চিত করেছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মাহাথির মোহাম্মদ ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এক্স-এ এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, মরহুম তুন ডক্টর সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা সমবেদনা জানাচ্ছি। জাতি তাঁকে একজন মাতৃসুলভ ব্যক্তিত্ব হিসেবে ও তাঁর অবদানকে চিরকাল স্মরণ করবে।
আনোয়ার আরও বলেন, সিতি হাসমাহকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১৯২৬ সালে সেলাঙ্গরের ক্লাং-এ জন্মগ্রহণকারী সিতি হাসমাহ ছিলেন মালয়েশিয়ার প্রথম দিকের নারী চিকিৎসকদের মধ্যে অন্যতম। তিনি ১৯৫৫ সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অফ মেডিসিন থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং গ্রামীণ জনস্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করেন।
তিনি ১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি চলতি বছরের আগস্ট মাসে তাঁদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পুনরায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।



