বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণ দিতে আগ্রহী পাকিস্তান

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। পাশাপাশি বাংলাদেশে ভবিষ্যতে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে দেশটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এ প্রস্তাব তুলে ধরেন।
বৈঠকে দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদার, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ, ওষুধ শিল্পে সহযোগিতা এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানির পরিধি আরও বাড়াতে পারে। একই সঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।
হাইকমিশনার ইমরান হায়দার জানান, পাকিস্তানের জিআইএমএস বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহী। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে রোগীদের অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবাও দিতে প্রস্তুত রয়েছে।



