বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ভারতের কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলো বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার দাবি, বিরোধীরা তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা ছড়াতে চাইছে।
রাজনাথ সিং বলেন, গণতন্ত্রের অর্থ এই নয় যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করবে।
তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের রাজনৈতিক সহযোগীরা তরুণদের শক্তিকে গঠনমূলক কাজে ও দেশ গঠনে ব্যবহার না করে রাজনৈতিক সংঘাত এবং অস্থিরতা ছড়ানোর কাজে লাগাচ্ছে।
রাজনাথ বলেন, দেশের তরুণদের বিশৃঙ্খলার রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
কংগ্রেস ও তাদের সহযোগীরা বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আদলে ভারতে সরকার পরিবর্তন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। ওই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল।
রাজনাথ সিং বলেন, বিরোধী নেতারা সংবাদ সম্মেলনে বাংলাদেশ থেকে সরকার পরিবর্তনের অনুপ্রেরণা নেওয়ার কথা বলছেন। আবার কেউ কেউ প্রকাশ্যে সরকার ফেলে দেওয়ার কথা বলছেন। তার দাবি, এসব বক্তব্য থেকে বোঝা যায়, বিরোধীদের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং দেশে অস্থিরতা সৃষ্টি করা।
প্রতিরক্ষামন্ত্রীর মতে, বিরোধীদের বক্তব্যে ‘সরকার পরিবর্তনের’ মতো শব্দের ব্যবহার প্রমাণ করে, তাদের আন্দোলন নির্বাচনী সংস্কার বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিরোধী দল ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন বিক্ষোভ করছে। এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিরোধী নেতাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। এর ফলে যোগ্য ভোটারদের নামও তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন, রাহুল গান্ধী ও তার সহযোগীদের বুঝতে হবে, গণতন্ত্রের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা কিংবা ভারতের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সূত্র: দ্য হিন্দু।



