রাজনীতি

‘বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়’

বাংলা টিভি ডেস্ক: বিএনপি বিভিন্ন বিপ্লবের অর্জন ও সুবিধা ভোগ করে শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতোই শাসকদলে পরিণত হতে চায় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে তুলে ধরলেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে দলটির কিছু বক্তব্যে অসংগতি দেখা যাচ্ছে। তার দাবি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে নিজেদের বলে দাবি করতে না পারার কারণেই বিএনপির মধ্যে এমন মনোভাব তৈরি হয়েছে।

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে তাদের পুনর্বাসনের বিষয়টি সামনে আনা হচ্ছে। তার অভিযোগ, বিএনপি বিভিন্ন বিপ্লবের সুফল ভোগ করে আওয়ামী লীগের মতো হয়ে উঠতে চাইছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ।’

দেশের নতুন প্রজন্মের জন্য একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে হাসনাত বলেন, বর্তমান প্রজন্মকে একটি ওয়েলফেয়ার স্টেট উপহার দিতে না পারলে কেউই নিজের ঐতিহাসিক দায় এড়াতে পারবে না।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ শুরু হয়েছিল, বিএনপি সরকার সেটিকে ব্যাহত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের নেতৃত্বের সমালোচনা করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বাংলাদেশকে একটি ফিটনেসবিহীন গাড়ির সঙ্গে তুলনা করেন। তার ভাষায়, সেই গাড়ির চালকের আসনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গাড়িটি মেরামতের পর চালকের আসনে প্রধানমন্ত্রীকে বসানোর প্রত্যাশা ছিল তাদের। কিন্তু বিএনপি আগেভাগেই তাকে গাড়িতে তুলে দেওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই সংসদ সদস্য। বাজার পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকা এবং অর্থনীতিতে বিনিয়োগের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যেন কাউকে জবাবদিহির মুখোমুখি হতে না হয়, সে জন্য এখন থেকেই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button