বাংলাদেশ

এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামোয় বিদ্যমান বৈষম্য দূর করে অন্যান্য শিক্ষকদের মতো একই পে স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, খুব শিগগিরই নতুন পে স্কেলের সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

রোববার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এ বছর সর্বাধিক বাজেট পেয়েছি এবং আমরা সবাই এবার নতুন পে স্কেল পেয়েছি। আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা যে জায়গাটিতে খানিকটা দুর্বলতায় ছিলেন, তা দূর করে সকলে মিলেই একই পে স্কেল পেতে যাচ্ছেন। শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করব।’

আগামী দিনের শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার ক্ষেত্র ক্রমেই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজ। ফলে আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে শিক্ষা খাতকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি আরও জানান, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। এসব বিজ্ঞানীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

গবেষণা ও প্রকাশনায় অবদান রাখা ব্যক্তিদের নিয়েও সরকার কাজ করতে আগ্রহী বলে জানান মন্ত্রী। তবে গবেষণার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অন্যের গবেষণাকর্ম নিজের নামে চালিয়ে দেওয়ার প্রবণতা বরদাশত করা হবে না। গবেষণার নামে প্লেজিয়ারিজম সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রত্যেককে গবেষণামুখী হতে হবে। শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উচ্চতর গবেষণা ও পিএইচডি ডিগ্রি অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে। তবে কর্মজীবনের শুরুতেই নয়, লেকচারার হিসেবে দায়িত্ব পালন শেষে অধ্যাপক হওয়ার পর্যায়ে ধারাবাহিকভাবে গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করা যেতে পারে।

এ ছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তবে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়েও সতর্ক করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button