দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিবাস্বপ্ন না দেখার পরামর্শ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না।
রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আহমেদ আযম খান বলেন, শেখ হাসিনা একসময় বলেছিলেন, ‘শেখের মেয়ে পালায় না।’ অথচ বাংলাদেশের রাজনীতিতে পালিয়ে যাওয়া ব্যক্তি হিসেবে শেখ হাসিনার নামই উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, বর্তমানে ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রস্তুতির খবর শোনা যাচ্ছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।’
তিনি আরও বলেন, তারা শেখ হাসিনার দেশে ফেরা চান, তবে সেটি আদালতের মুখোমুখি হওয়ার জন্য। তার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফিরে তার আদালতে যাওয়া ও কারাগারে থাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অসংখ্য গণহত্যার দায়ে তার গলায় ফাঁসির দড়ি ঝুলবে।
এ সময় সখীপুরের স্থানীয় বাসিন্দাদের হয়রানি না করার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। তিনি বলেন, বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বাতিলের বিষয়ে জাতীয় সংসদে ইতোমধ্যে দুইবার বক্তব্য দিয়েছেন। প্রয়োজন হলে ভবিষ্যতেও এ নিয়ে কথা বলবেন। এ ছাড়া বিষয়টি নিয়ে বনমন্ত্রীর সঙ্গেও একাধিকবার আলোচনা করেছেন বলে জানান তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।



