৯৬-এর মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে: রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, ভারতে অবস্থান করে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের সূচনা করেছেন এবং বাংলাদেশে জামায়াতে ইসলামীও এতে যুক্ত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থাকতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল ও নদী খননসহ নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপির স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদও সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করছে।
তাঁর অভিযোগ, এসব উদ্যোগের মধ্যেই স্বাধীনতাবিরোধী শক্তি এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালানোর সঙ্গে জড়িত ব্যক্তিরা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে।
রাশেদ খাঁন আরও বলেন, অতীতে যারা জনগণের ওপর গুম, খুন ও ক্রসফায়ারের মতো নির্যাতন চালিয়েছে, তাদের রাজনৈতিক শক্তিগুলো এখন এক জায়গায় আসছে। ১৯৯৬ সালের রাজনৈতিক সমীকরণের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, ‘৯৬-এর মতো আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।’
তিনি বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রাশেদ খাঁন। পরে সেখান থেকে বের হওয়া র্যালিতে নেতৃত্ব দেন তিনি।



