ঢাবিতে নির্মিত হচ্ছে ৩০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মাণ করা হচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। হল কর্তৃপক্ষের দাবি, নির্মাণকাজ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সরস্বতী প্রতিমা। এ উদ্যোগের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়ারও পরিকল্পনা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) প্রতিমাটি নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হলের রবীন্দ্র ভবনের পূর্ব পাশে কংক্রিট দিয়ে নির্মিত হবে বিশাল আকৃতির এই প্রতিমা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল জানান, ৩০ ফুট উচ্চতার প্রতিমাটির নির্মাণ সম্পন্ন হলে এটি বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা হিসেবে বিবেচিত হবে বলে তারা আশা করছেন। এ ছাড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এর স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পরিকল্পনাও রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই প্রতিমা নির্মাণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ দ্রুত শেষ করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
উপাচার্য আরও বলেন, ‘আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’
অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল ছাড়াও হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন। এ ছাড়া হল সংসদের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে রোববার দুপুরে ধর্মীয় শাস্ত্রীয় বিধান অনুসরণ করে প্রতিমা স্থাপনের ভিত্তিপূজা সম্পন্ন হয়। প্রতিমাটির নকশার প্রাথমিক কাজও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এর নকশা প্রণয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল।



