বাংলাদেশ

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

বাংলা টিভি ডেস্ক: এক গৃহবধূর সন্তান জন্মের পর নবজাতকের পিতৃত্ব দাবি করে হাসপাতালে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তাঁদের একজন হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যজন মুসলিম। এ নিয়ে বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।

রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক গৃহবধূ সেখানে সন্তান জন্ম দেন। সন্তান প্রসবের সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে ঘটনার মোড় ঘুরে যায় রোববার সকালে। ওই সময় হাসপাতালে এসে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নবজাতকের বাবা বলে দাবি করেন।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে সংসার করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা জানিয়ে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে চলে যান। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন প্রমাণও উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদুল।

এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখান থেকে চলে যান শুভাস। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

অন্যদিকে শান্তা এমদাদুলের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, এমদাদুল তাঁর স্বামী নন এবং নবজাতকের বাবাও তিনি নন। তবে এমদাদুলের দেখানো বিয়ের কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও বাবার বাড়িতে যাতায়াত ছিল শান্তার। এর মধ্যে ২০২৪ সালে নিজের আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরে তাঁদের বিয়েও হয়। শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। তবে স্থানীয়দের দাবি, ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সঙ্গে সংসার করতেন শান্তা। আবার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর কাছেও থাকতেন তিনি।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির পিতৃত্ব ও স্বামী হিসেবে দাবি সামনে আসার পর তাঁরা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।

তবে নবজাতকের প্রকৃত পিতৃত্ব নিয়ে কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button