বাংলাদেশ

১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার, এলাকায় মিষ্টি বিতরণ

বাংলা টিভি ডেস্ক: জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ১৯টি মামলার আসামি আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার হয়েছেন। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে আনন্দে মিষ্টি বিতরণ করেন বড়তারা এলাকার লোকজন।

সোমবার (৯ নভেম্বর) ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বড়তারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ক্ষেতলাল ছাড়াও জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় আশরাফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। এর আগে তাঁকে গ্রেপ্তারে ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ একাধিকবার তাঁর বাড়িতে অভিযান চালায়। তবে প্রতিবারই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তিনি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানায়, সর্বশেষ গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসংক্রান্ত একটি মামলাতেও আশরাফকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, আশরাফ আলী আকন্দের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। চলমান তদন্তের স্বার্থে আপাতত তাঁদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

ওসি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তার আশরাফ আলী আকন্দকে পুলিশি পাহারায় জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button