বাংলাদেশ

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ডে

বাংলা টিভি ডেস্ক: ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আইনজীবী জানান, মামলার তদন্তের স্বার্থে আসামি আসাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান রিমান্ডের আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে দুদক। পরে একই দিন সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানায় দুর্নীতিবিরোধী সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন আসাদুল। এ বিষয়ে মনিরুল দুদকের কাছে অভিযোগ করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর দুদক তাঁর বিরুদ্ধে ফাঁদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার ঘুষের এক লাখ টাকা গ্রহণের সময় আসাদুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় করা মামলায় পরবর্তী তদন্তের অংশ হিসেবেই তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল দুদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button