বাংলাদেশ

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

বাংলা টিভি ডেস্ক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। পাশাপাশি নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিও জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, পুষ্টি, ক্যালরি, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষাসহ প্রয়োজনীয় ব্যয় বিবেচনায় একজন পোশাকশ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সামর্থ্য ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছেন।

এদিকে সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি বিজিএমইএ। সংগঠনটির প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রম পরিচালনায় মালিকদের বেশি সময় দিতে হচ্ছে। ফলে মজুরি প্রস্তাব প্রস্তুত করতে তাঁদের আরও সময় প্রয়োজন।

এ জন্য মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের সম্মতিক্রমে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী মালিকপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পরবর্তী সভায় মালিকপক্ষ প্রস্তাব দিতে ব্যর্থ হলেও মজুরি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেমে থাকবে না। তাঁদের প্রস্তাবের জন্য বোর্ড অপেক্ষা করবে না।

সভায় আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান। এর মধ্যে প্রথমটি হলো, শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার অবস্থা ও প্রত্যাশা জানতে চলতি সপ্তাহের মধ্যেই বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলের পোশাক কারখানা পরিদর্শন করবেন।

দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ও মজুরি নির্ধারণের বিভিন্ন সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজন হলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

সংবাদ ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তাঁদের পরিকল্পনা অনুযায়ী, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে। আর বর্ধিত বেতন শ্রমিকদের হাতে পৌঁছাবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

সংশ্লিষ্ট খবর

Back to top button