বাবার চিকিৎসায় সহায়তা চাইলেন ভাইরাল সেই তাজু ভাই

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পরিচিত মুখ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাজু ভাইয়ের বাবা অসুস্থ হয়ে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে বাবার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তাজু ভাই।
সন্তানের কাছে বাবা-মায়ের সুস্থতার চেয়ে বড় চাওয়া আর কিছুই হতে পারে না। কিন্তু অর্থের অভাবে বাবার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটছে তাঁর। বাবাকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।
এদিকে তাজু ভাইয়ের বাবার অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে কুড়িগ্রাম সদর হাসপাতালে ছুটে যান জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মোশাররফ হোসেন।
হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাজু ভাইয়ের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে মানবিক দৃষ্টিকোণ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী তাজু ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
এমন সংকটময় সময়ে সম্মিলিত সহযোগিতা পেলে বাবার চিকিৎসা চালিয়ে নেওয়া সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



