রাজনীতি

গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে: রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াতের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন, গাজী নজরুল ইসলাম, আমির হামজা ও মেজর আক্তারুজ্জামান ছাড়া দলটির আর কী অর্জন রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক সমঝোতা দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয়। আজ হোক কিংবা কাল, এনসিপিকে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। তাঁর মতে, দলের রাজনৈতিক বিকাশ ও স্বতন্ত্র অবস্থান তৈরির জন্যই এমন সিদ্ধান্ত প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, স্বল্পমেয়াদি ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে যদি এনসিপি সংসদে কয়েকটি আসন পাওয়াকেই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করে, তাহলে বিষয়টি আলাদা। সে ক্ষেত্রে কখনো ক্ষোভ, অভিমান কিংবা সমঝোতার মাধ্যমে দুই দলের সম্পর্ক টিকিয়ে রাখতে হতে পারে।

এনসিপির নেতৃত্বের পরিবর্তন প্রসঙ্গেও নিজের উদ্বেগ তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, সামান্তা শারমিন, চিকিৎসক তাসনিম জারা ও তাসনুভা জাবিনের মতো সম্ভাবনাময় নারী নেতৃত্ব দল ছেড়েছেন। জামায়াতের মতাদর্শের বাইরে স্বাধীনভাবে চিন্তা করেন, এমন নারীরাও এনসিপিতে নিজেদের অবস্থান ধরে রাখতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে দল থেকে পদত্যাগ করেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। নির্বাচনের পরও পদত্যাগের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলে দাবি করেন রাশেদ খাঁন।

তাঁর ভাষ্য, এনসিপি যদি স্বতন্ত্র চিন্তাধারার নেতৃত্ব ধরে রাখতে চায়, তাহলে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে। জামায়াতের প্রভাবের মধ্যে থাকলে এনসিপি নিজস্ব রাজনৈতিক পরিচয় ও বিকাশের সুযোগ হারাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষাংশে তরুণদের রাজনীতিতে আগ্রহী করার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক অবস্থানে থেকে এনসিপি কীভাবে ‘আই হেট পলিটিকস’ থেকে ‘আই লাভ পলিটিকস’ মানসিকতার তরুণদের আকৃষ্ট করবে?

এ সময় জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা ও মেজর আক্তারুজ্জামানের নাম উল্লেখ করে দলটির অর্জন নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

সংশ্লিষ্ট খবর

Back to top button