বাংলাদেশ

ফরিদপুরে ‎পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন, চালকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস পার্কিং করে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন লাগার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ।

বাসে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button